জেলা প্রতিনিধি :
খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে টানা চারদিন ধরে চলা অবরোধ কর্মসূচি স্থগিতের পর এবার সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’।
শনিবার সকালে সংগঠনটির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহিদদের ধর্মীয় রীতিতে পুণ্যকর্ম সম্পন্ন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা এবং প্রশাসনের দেওয়া আশ্বাস আংশিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জুম্ম ছাত্র-জনতার দ্বিতীয় দফা আলোচনা হয়। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহিদ পরিবারের জন্য ৫০ হাজার টাকা নগদ সহায়তার বিষয়টি জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা সম্প্রদায়ের এক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠে। ঘটনার পরদিন সেনাবাহিনীর সহায়তায় এক অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৫ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ এবং পরবর্তীতে টানা অবরোধ পালন করে জুম্ম ছাত্র-জনতা।
ঘটনার পর থেকেই পার্বত্য এ জেলায় উত্তেজনা বিরাজ করছিল।











