সাভারের আশুলিয়ায় গার্মেন্টসে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে অবস্থিত এই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যুক্ত হয়। টানা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে।