নিজস্ব প্রতিবেদক:
সিলেটের মোগলাবাজার স্টেশনের কাছে আন্তঃনগর ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও মেরামত কাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল আবারও শুরু হয়। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এ সময় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা উর্মী রায় জানান, সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে দুর্ঘটনায় পড়ে।
রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেন। দ্রুততার সঙ্গে কাজ করে সকাল সাড়ে ৯টার দিকে একটি রেললাইন সচল করা হয়। এর ফলে আটকে থাকা ‘কালনী এক্সপ্রেস’ সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এবং অন্যান্য ট্রেন চলাচলও স্বাভাবিক হতে থাকে।
ঘটনায় ট্রেনের চালকসহ পাঁচজন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মোগলাবাজার স্টেশন মাস্টার জসিম উদ্দিন বলেন, “যে লাইনে ট্রেনটির থামার কথা ছিল, চালক সেটি অতিক্রম করে চালিয়ে যাওয়ায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।”
রেলওয়ে কর্তৃপক্ষ একটি প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











