নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়নের লক্ষিপুর এলাকার একটি আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ষাটোর্ধ্ব বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে কয়েকজন শিশু দরগা তলা নামক পুকুরের পাশে ভেড়া-ছাগল চরাতে গিয়ে আমবাগানের মধ্যে পেটের নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে। তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সাপাহার থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দীন জানান, নিহতের এখনো কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।











