তামান্না ভাটিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য

অনলাইন ডেস্ক:

ভারতের প্রবীণ অভিনেতা আন্নু কাপুর সাম্প্রতিক এক পডকাস্টে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ঘিরে দেওয়া মন্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যকে ‘অশ্লীল’, ‘অবমাননাকর’ এবং ‘নারীবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন অসংখ্য নেটিজেন।

শুভঙ্কর মিশ্রার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আন্নু কাপুর। সেখানে তামান্না ভাটিয়ার পারফর্ম করা ‘আজ কি রাত’ গানটির ভিডিও দেখানো হলে তিনি বলেন— “কী সুন্দর, দুধের মতো গায়ের রং।”

এরপর সঞ্চালক জানান, তামান্না একবার বলেছিলেন, “এই গান শুনে ছেলে-মেয়েরা ঘুমিয়ে পড়ে।” এর জবাবে আন্নু কাপুর বলেন, “কোন বয়সের বাচ্চারা ঘুমিয়ে যায়? ৭০ বছরের বাচ্চাও তো হতে পারে?”

সেই সাথে কটাক্ষের সুরে তিনি আরও বলেন, “আমাদের বোন তার গানের সুর, তার দুধের মতো মুখ-শরীর দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে। যদি সে আমাদের বাচ্চাদের মিষ্টি ঘুম পাড়িয়ে দেয়, তাহলে এটা এই দেশের জন্য অনেক বড় আশীর্বাদ। যদি তার অন্য কোনো ইচ্ছা থাকে, ঈশ্বর যেন তা পূর্ণ করেন—এটাই তার জন্য আমার আশীর্বাদ।”

এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকে লিখেছেন, “একজন প্রবীণ অভিনেতার মুখে এমন ‘রাবিশ’ মন্তব্য হতাশাজনক।” কেউ কেউ বলেন, “নারীর প্রতি শ্রদ্ধা জানাতে শিখুন। আপনার কি কন্যা বা নাতনি নেই?”

উল্লেখ্য, তামান্না ভাটিয়া ‘স্ত্রী টু’ সিনেমার ‘আজ কি রাত’ গানটিতে পারফর্ম করেন, যেটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।