নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, সিআইডি, এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে আরও অংশ নেন ইসির চার নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিব।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তার মধ্যে রয়েছে—নির্বাচনের সময় সহিংসতা রোধ, ভোটকেন্দ্রের নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পার্বত্য ও দুর্গম এলাকায় নিরাপদ ভোটসামগ্রী পরিবহন, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর সম্ভাব্য মোতায়েন ইত্যাদি।
এছাড়া, নির্বাচনে ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা, পোস্টাল ভোটিং-এর ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভুয়া তথ্য ছড়ানো প্রতিরোধে কৌশল নির্ধারণ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়গুলোও গুরুত্ব পায়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোটগ্রহণ হতে পারে। এরই প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।










