নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা শুরু করেছে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুরানা পল্টন মোড় থেকে দলগুলোর এই যাত্রা যমুনা অভিমুখে রওনা হয়।
পদযাত্রায় আট দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। পল্টন এলাকাজুড়ে টানটান নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে ওই আদেশের ওপর গণভোট আয়োজন; আসন্ন জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ বা উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু; অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
পদযাত্রায় অংশ নেওয়া আটটি ইসলামি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।










