অনলাইন ডেস্ক:
ভারতের দিল্লির লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানায়, তার নাম মোহাম্মদ উমর, পেশায় চিকিৎসক। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়েছে।
পুলিশের অনুসন্ধানে দেখা গেছে, লাল কেল্লার পার্কিং এলাকায় মেট্রো স্টেশনের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হুন্ডাই আই-টোয়েন্টি গাড়িটি ডা. উমরের। বিস্ফোরণের আগে গাড়িটি প্রায় তিন ঘণ্টা পার্কিংয়ে রাখা ছিল।
ডা. উমর দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এবং ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। তার দুই সহযোগী, ডা. আদিল আহমদ রাঠার ও ডা. মুজাম্মিল শাকিল, যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী উমর, সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে আসেন এবং আতঙ্কিত হয়ে বিস্ফোরণ ঘটান বলে ধারণা করা হচ্ছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটি বিকেল ৩টা ১৯ মিনিটে পার্কিংয়ে প্রবেশ করে এবং ৬টা ৩০ মিনিটে বের হয়ে মেট্রো স্টেশনের কাছে ধীরে ধীরে চলে আসে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ২২টি গাড়ি ও যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে আনা ১৫ জন আহত ব্যক্তির মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করা হয়েছে, তিনজনের অবস্থা গুরুতর এবং একজন স্থিতিশীল।
ঘটনার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে। দিল্লির সব বাস, মেট্রো ও রেল স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।











