ভালোবাসা এখনো চিঠির মতো সরল: দীঘি

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে চলমান ‘রিয়াদ সিজন’-এর ষষ্ঠ আসরের ‘বাংলাদেশ কালচার’ পর্বে পারফর্ম করতে বর্তমানে রিয়াদে অবস্থান করছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলে থাকা অবস্থায় ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা তাকে দিয়েছে বিশেষ আনন্দ ও আবেগের অভিজ্ঞতা।

দীঘি জানান, বাইরে শোয়ের প্রস্তুতি ও কেনাকাটায় ব্যস্ত থাকাকালীন এক পরিচ্ছন্নতা কর্মী তার রুম পরিষ্কার করতে গিয়ে টেবিলে একটি ছোট চিরকুট রেখে যান। চিরকুটে অভিনেত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করা হয়। বিষয়টি ফেসবুকে শেয়ার করে দীঘি বলেন, এই হাতে লেখা নোট তাকে বিস্মিত ও আনন্দিত করেছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সকালে রুম পরিষ্কার করার কথা বলে বেরিয়েছিলেন। ফিরে এসে টেবিলে ছোট্ট একটি নোট দেখতে পান। “সম্ভবত যিনি পরিষ্কার করেছেন তিনি একজন বাংলাদেশি। এই ডিজিটাল যুগেও কেউ হাতে লেখা চিরকুট দিয়ে দেখা করতে চাইছে—বিষয়টা ভীষণ মিষ্টি লেগেছে,” লিখেন তিনি।

আরও জানান, এই নোট তাকে মনে করিয়ে দিয়েছে—ভালোবাসা এখনো চিঠির মতো সরল জায়গাতেই টিকে আছে। “আমার ভক্তদের জন্যই আমি আজও লড়াই করছি। তাদের এই ভালোবাসা যেন সারাজীবন থাকে।”

‘বাংলাদেশ কালচার’ পর্বে দীঘির পাশাপাশি পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, মনির খানসহ আরও বেশ কয়েকজন। উল্লেখ্য, দীঘিকে সর্বশেষ দেখা গেছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ চলচ্চিত্রে। তার হাতে বর্তমানে আরও দুটি নতুন সিনেমার কাজ রয়েছে।