নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না এবং বর্তমান কমিশনের কাছে দেশের জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।
তিনি বলেন, “একমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। মানুষের সন্দেহ দূর করতে আমরা ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার সঙ্গে কাজ করবো।”
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, “কোনো রাজনৈতিক দল নয়, আমরা সংবিধান অনুযায়ী কাজ করতে চাই। সরকার যে সময়সীমা নির্ধারণ করেছে, সেই অনুযায়ীই ভোটের দিকে এগুচ্ছে নির্বাচন কমিশন।”
তিনি জানান, “আমরা ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার এক দশমিক ৫৫ শতাংশ এবং ৬৫ হাজার লোকবল কাজ করবে এই কাজে। আমাদের একটি বৃহৎ প্রোগ্রাম রয়েছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারি। ভোটার নিয়ে যে সন্দেহ রয়েছে, তা দূর করতে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংগ্রহ করবো। আশা করছি, সবার সন্দেহ দূর হবে, ইনশাআল্লাহ।”










