নিজস্ব প্রতিবেদক:
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। একইভাবে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির চৌধুরী জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে এবং রাত সাড়ে ৩টার দিকে কুয়াশার তীব্রতা এতটা বৃদ্ধি পায় যে, পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌচ্যানেলের বিকন বাতি ও চ্যানেল অস্পষ্ট হয়ে পড়ে, যার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়।
এই পরিস্থিতিতে মাঝ নদীতে শাহ আলী ও কৃষাণী নামে দুটি ফেরি যাত্রী ও যানবাহনসহ আটকে পড়ে। ঘন কুয়াশা কমে যাওয়ার পর, সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল আবারও শুরু হয়।
এছাড়া, ভোর সাড়ে ৪টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথও কুয়াশার কারণে বন্ধ করে দেওয়া হয়। এই সময়ে বনলতা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে তিনটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। পাশাপাশি, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে মোট ৮টি ফেরি।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় উভয় ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের জন্য অপেক্ষা করছিল। অধিকাংশই পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর, যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে এবং পরে পণ্যবাহী ট্রাকগুলোর পারাপার করা হচ্ছে বলে জানান নাসির চৌধুরী।










