খুলনা মেডিকেল কলেজ থেকে ভুয়া চিকিৎসক আটক

অনলাইন ডেস্ক:

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এস এম মেহেদী হাসান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ গত মঙ্গলবার রাতে তাকে আটক করে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে মেহেদী হাসান হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা সন্দেহ পোষণ করেন। পরে তাকে সনাক্ত করতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। কিন্তু পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ রাত পৌনে ১১টার দিকে মেহেদী হাসানকে থানায় সোপর্দ করে। তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক মেহেদী হাসান সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।