বিএনপির ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন যে কোনো সংস্কারই হোক, বিএনপি তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকার গঠনের মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা বাস্তবায়ন করবেন।

তিনি বুধবার, জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় তিনি আরও বলেন, “আমাদের নেত্রী ৬ বছর আগে ২০৩০ ভিশনের মাধ্যমে এবং তারেক রহমান যুগপৎ আন্দোলনে সবার মতামত নিয়ে ৩১ দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন।”

তিনি এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে বলেন, “যদি সরকার সংস্কার করতে চায়, তবে তা জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে, না হলে তা অগণতান্ত্রিক হবে।”

বিএনপির আন্দোলন ও এর নেতৃত্ব নিয়ে আমির খসরু বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনে বিএনপির যে আন্দোলন ড্রাইভ করেছে, তার মূল চালিকা শক্তি ছিলেন তারেক রহমান ও বেগম খালেদা জিয়া।” তিনি অভিযোগ করেন, “আজকের কিছু গোষ্ঠী এই আন্দোলনের কৃতিত্ব নিতে চায়, অথচ তারা আন্দোলনের শুরুতে ছিলেন না।”

তিনি প্রবাসীদের আন্দোলনে অবদান এবং তাদের প্রতি বিএনপির সমর্থন জানান। “প্রবাসীদের সংগ্রাম অনেক কঠিন ছিল, তবে তারা দেশ থেকে এবং প্রবাসে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্দোলন চালিয়ে গেছেন।” তিনি বলেন, “রেমিট্যান্স যোদ্ধারা রেমিট্যান্স পাঠিয়ে যুদ্ধ করেছেন, আবার তা বন্ধ করেও আন্দোলনে অংশ নিয়েছেন।”

আমির খসরু আরও বলেন, “প্রবাসীদের এই অবদানকে মূল্যায়ন করতে হবে। তাদের অবদান ইতিহাসে সংরক্ষণ করার জন্য এটি একটি বই আকারে প্রকাশ করা উচিত, যাতে আগামী প্রজন্ম এটি জানে।”

তিনি বলেন, “শেখ হাসিনার পতনের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তাদের এই অবদানকে তুলে ধরে, বিভেদ না সৃষ্টির আহ্বান জানান তিনি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জুলি, সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ, ফ্লোরিডা বিএনপির সভাপতি এমরান হক চাকলাদার, আব্দুল খান হারুন, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতিব মুসলেমউদ্দীন হাওলাদার আরিফ প্রমুখ।