পাকিস্তান থেকে ফল ও কৃষিপণ্য আমদানির সম্ভাবনা দেখছে এফবিসিসিআই

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গতকাল বুধবার গুলশানে অনুষ্ঠিত এক সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এফবিসিসিআই এবং পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এ সভায় উল্লেখযোগ্যভাবে পাকিস্তান থেকে খেজুর, কমলা এবং অন্যান্য ফল ও কৃষিপণ্য আমদানির সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন এবং বলেন, “রমজান মাসে বাংলাদেশে খেজুরের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। এছাড়া সারা বছর ধরেই ফল ও কৃষিপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। পাকিস্তান হতে পারে বাংলাদেশের জন্য ফল ও কৃষিপণ্যের একটি সাশ্রয়ী এবং সহজলভ্য উৎস।”

এফবিসিসিআই-এর প্রশাসক আরও উল্লেখ করেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বেসরকারি খাতে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত, যাতে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সহজ হয়।”

উল্লেখযোগ্য যে, সভায় উভয় দেশের ব্যবসায়ীরা লজিস্টিক্স, সাপ্লাই চেইন, কোল্ড স্টোরেজ, প্যাকেজিং এবং পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন, যা তাদের জন্য বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হতে পারে।

এছাড়া, পাকিস্তান হাই-কমিশনের বাণিজ্য ও বিনিয়োগ এটাচে জাইন আজিজ, এফবিসিসিআই-এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মো. জাফর ইকবাল এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।