অনলাইন ডেস্ক:
তুরস্কের বোলু প্রদেশের কার্তালকায়া স্কি রিসোর্টের গ্র্যান্ড কার্তাল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। এই আটকের মধ্যে রয়েছেন বোলু প্রদেশের ডেপুটি মেয়র, নগর দমকল অধিদফতরের প্রধান এবং রিসোর্টের মালিক ও ব্যবস্থাপক। তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ তুংক বুধবার এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে খাবারের দোকানের কাছ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো ১২ তলাবিশিষ্ট হোটেল ভবনকে গ্রাস করে নেয়। হোটেলে ২৩৮ জন অতিথি অবস্থান করছিলেন। ঘটনার সময় কিছু অতিথি জানায়, তারা আগুন লাগার পর কোনও সতর্ক সংকেত পাননি এবং অন্ধকার ধোঁয়াচ্ছন্ন করিডোরে দৌড়ে প্রাণে বেঁচে বেরিয়ে আসেন।
প্রথমে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭৬ জনের প্রাণহানির কথা জানালেও, ডিএনএ পরীক্ষার পর গত বুধবার সন্ধ্যায় বোলু প্রসিকিউটরের কার্যালয় থেকে নিহতের সংখ্যা ৭৯ জনে উন্নীত করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃতদের মধ্যে অন্তত ২০ জন শিশু ছিল।
এ ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশজুড়ে জাতীয় শোক ঘোষণা করেন এবং নিহতদের জন্য বিভিন্ন স্থানে শেষকৃত্যের আয়োজন করা হয়।











