যুদ্ধবিরতির মাঝেও ইরানি বাধার মুখে বাংলাদেশ শিপিং কর্পোরেশন: উৎকণ্ঠায় ৩১ নাবিক

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে দীর্ঘ ৪০ দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যেতে বাধ্য হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (BSC) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন সব ধরণের আন্তর্জাতিক নিয়ম মেনে হরমজ প্রণালী অতিক্রমের অনুমতি চাওয়া হলেও ইরান সরকার তা নাকচ করে দিয়েছে।

গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। ৪০ ঘণ্টা সমুদ্র পাড়ি দিয়ে হরমজ প্রণালীর প্রবেশপথে পৌঁছালে তেহরান থেকে জাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশের পর থেকেই যুদ্ধ পরিস্থিতির কারণে দফায় দফায় বাধার মুখে পড়ে জাহাজটি। গত ২৭ ফেব্রুয়ারি যখন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে ছিল, তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

বর্তমানে জাহাজে থাকা ৩১ জন নাবিকের নিরাপত্তা ও মনোবল রক্ষায় বিএসসি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। কমোডর মালেক জানান, নাবিকদের জন্য প্রতিদিনের বরাদ্দকৃত খাবারের খরচ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং তাদের মূল বেতনের সমপরিমাণ ‘ওয়ার অ্যালাউন্স’ প্রদান করা হচ্ছে। জাহাজে পর্যাপ্ত খাবার মজুত রয়েছে এবং প্রতিদিন ১৮ টন সমুদ্রের পানি পরিশোধন করার সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ে বর্তমানে দৈনিক ৬ টন পানির রেশনিং করা হচ্ছে। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও আপাতত নিরাপত্তার স্বার্থে জাহাজটিকে শারজাহ বন্দরে অবস্থান করতে বলা হয়েছে।