একই সাথে সংলাপ ও সংঘাতের টানাপোড়েন

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন এক অস্বাভাবিক বিপরীতমুখী হাওয়া বইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বড় ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, দীর্ঘ ৩৪ বছর পর আজ বৃহস্পতিবার ইসরায়েল এবং লেবাননের শীর্ষ নেতারা সরাসরি একে অপরের সাথে কথা বলবেন। ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে হওয়া এক ঐতিহাসিক বৈঠকের পর এই ঘোষণাটি আসলো, যেখানে লেবানন মূলত তাদের দেশে ইসরায়েলি হামলা বন্ধের পথ খুঁজছে।

তবে এই সম্ভাব্য সংলাপের প্রেক্ষাপটটি মোটেও শান্ত নয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে যে যুদ্ধের সূত্রপাত, তাতে হিজবুল্লাহ জড়িয়ে পড়লে লেবাননে ইসরায়েলি হামলা ভয়াবহ রূপ নেয়। গত কয়েক মাসে ইসরায়েলি হামলায় ২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মজার বিষয় হলো, ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে গোপন বৈঠকের খবর পাওয়া গেলেও লেবাননের সরকারি কর্মকর্তারা বলছেন, তারা এই সম্ভাব্য ফোনালাপের বিষয়ে কিছুই জানেন না। অন্যদিকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল আজ আর্মি রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

একদিকে নেতানিয়াহু যখন লেবাননে গ্রাউন্ড ইনভেশন বা স্থল অভিযান আরও বাড়ানোর নির্দেশ দিচ্ছেন, তখন ট্রাম্পের এই আলোচনার ঘোষণা বিশ্বজুড়ে এক বড় রহস্য আর আশার সৃষ্টি করেছে।