কোকোর মৃত্যুর রহস্য উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন ডা. জাহিদ

অনলাইন ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না, দাবি করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কোকোর মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

ডা. জাহিদ গত রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের দোয়া-মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। তিনি বলেন, কোকো কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, বরং তিনি ক্রীড়াঙ্গনে এক অনন্য প্রতিভা ছিলেন। তার সাংগঠনিক দক্ষতার কারণেই আজ বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠিত।

এ সময় তিনি কোকোর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেন এবং জানান, তার মৃত্যু কখনই স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়নি। ডা. জাহিদ বলেন, “এখনো আমরা এই মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করছি এবং যারা এর সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।”

বিএনপি ও জিয়াউর রহমানের অবদান নিয়ে ডা. জাহিদ আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসে অম্লান থাকবে। তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতা যেভাবে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল, তেমনি তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করেছেন।

ডা. জাহিদ যুক্তরাজ্যে বিএনপির কার্যক্রমের প্রসঙ্গেও কথা বলেন এবং দলের ঐক্য ও বিভাজন নিয়ে সতর্কতা প্রকাশ করেন। তিনি বলেন, বিভাজন সৃষ্টি করে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না, বরং জনগণের কাছে যেতে হবে এবং তাদের জন্য কাজ করতে হবে।এছাড়া, যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এমএ মালেক খালেদা জিয়ার বিষয়ে মন্তব্য করেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলে ধরেন।

এই অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদও বক্তব্য দেন, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফ।