অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দফা দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। তারা গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে একটি বৈঠকে এসব দাবি তুলে ধরেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। সাত কলেজের পক্ষে তিন সদস্য বৈঠকে অংশ নেন এবং তাদের দাবির ব্যাপারে আলোচনা করেন।
সাত কলেজ শিক্ষার্থীরা তাদের দাবিতে উল্লেখ করেছেন, ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং উপ-উপাচার্য মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। তাদের মতে, ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলায় জড়িত এসি, ওসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, ঢাবি শিক্ষার্থীদের ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন আচরণকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে চান।
এছাড়া, তারা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাবি উপাচার্যের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে তাৎক্ষণিক উচ্চপর্যায়ের বৈঠক করার মাধ্যমে পরিস্থিতির সমাধান চেয়েছেন।
এর আগে, গত রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে গত সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এক সংবাদ সম্মেলনে জানান, সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে না।











