জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকার পুরোনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে গোলড়া গ্রামের কয়েক শ’ বাসিন্দা ঢাকা-আরিচা মহাসড়ক পাঁচ ঘণ্টা ধরে অবরোধ করেছেন। এর ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোলড়া গ্রামের শত শত মানুষ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন এবং পরে সড়ক অবরোধ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে গোলড়া গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য ব্যবহৃত একটি পুরোনো সড়ক বন্ধ করে দেয় দুটি কোম্পানি—তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। প্রায় শত বছরের পুরোনো এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।
সড়ক পুনরুদ্ধারের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন এবং কোম্পানির গেট-সংলগ্ন এলাকায় অবরোধ শুরু করেন। এর পর স্থানীয় প্রশাসন, কোম্পানির প্রতিনিধিরা এবং অবরোধকারীদের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। তবে সমস্যা সমাধান না হওয়ায় তারা অবরোধ অব্যাহত রেখেছেন।
অবরোধকারীদের দাবি, কোম্পানির লোকজন আওয়ামী লীগের নেতা-কর্মীদের টাকা দিয়ে সড়কে পাকা দেওয়াল তুলে দিয়েছে। তারা জানান, যতক্ষণ না সড়ক পুনরুদ্ধার করা হয়, ততক্ষণ অবরোধ তুলে নেওয়া হবে না।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “বেলা সোয়া ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের মানুষ অবরোধ করেছেন, যার ফলে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। দুপক্ষের সঙ্গেই আলোচনা চলছে, আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হবে।”











