২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ১০টি শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ল্যাব পরীক্ষায় একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৯ জন এই রোগের বিভিন্ন লক্ষণ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি মিলেছে।

আজ মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ নিয়মিত প্রতিবেদন থেকে এই উদ্বেগের তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৫৫টি শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৮৮ জন শিশুর নিশ্চিতভাবে হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাকি ৪৬৭ জন শিশু মারা গেছে হামের নানা উপসর্গ নিয়ে।

 

একই সময়ে সারা দেশে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৮ হাজার ৭৭২ জন। এর বাইরে আরও ৬৬ হাজার ২৩ জন শিশু এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত ২৩৬ জন শিশু মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ২২৯ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর এই সামগ্রিক হিসাবটি গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে শুরু করে আজ ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।