আওয়ামী লীগের বিক্ষোভের অনুমতি না দেওয়ার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা, হত্যা ও দুর্নীতির অভিযোগ তুলে এসবের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত দলটিকে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সরকারের পূর্ববর্তী মেয়াদে বিভিন্ন সময় বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দেওয়া হয়েছে।

শফিকুল আলম লিখেছেন, “যতক্ষণ না আওয়ামী লীগ গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবে এবং দোষী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবে, ততক্ষণ তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভ বন্ধ করেনি এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তার দাবি, গত কয়েক মাসে শুধু ঢাকাতেই ১৩৬টির বেশি বিক্ষোভ হয়েছে, যার মধ্যে অনেকগুলো বিক্ষোভের ফলে যানজট সৃষ্টি হয়েছে, তবু সরকার কোনো নিষেধাজ্ঞা দেয়নি।

তিনি প্রশ্ন তোলেন, “ফ্যাসিস্ট আচরণকারী আওয়ামী লীগের বিক্ষোভ করার অনুমতি দেওয়া কি উচিত?”

প্রেস সচিবের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।