নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহত শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানাতে তাদের পল্লবীর বাসায় গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে রামিসার বাসায় তিনি পৌঁছালে রামিসার পিতার কান্নায় এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। এছাড়া রামিসার বড় বোন রাইসার পড়াশোনার সমস্ত দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে সবসময় তার পরিবারের পাশে থাকব ইন-শা-আল্লাহ্।’
উপদেষ্টা রিজভীর পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।
উল্লেখ্য, গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসলে তিনি নিজে সেখানে গিয়ে নিহত শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানান এবং দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ করে আসামিকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার কঠোর আশ্বাস দেন।











