ফুটবল শেষে হলিউড, রোনালদোর নতুন ঠিকানা কি রুপালি পর্দা?

অনলাইন ডেস্ক :

মাঠে যা করেছেন, তা ইতিহাসে লেখা হয়ে গেছে। এবার সেই ইতিহাসের বাইরে নতুন কিছু লিখতে চাইছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবল থেকে অবসরের পর হলিউডে ক্যারিয়ার গড়ার আগ্রহ রয়েছে পর্তুগিজ তারকার। শুধু অভিনয়ই নয়, নিজস্ব চলচ্চিত্র স্টুডিও খুলে চলচ্চিত্র-প্রযোজনার জগতেও পা রাখতে শুরু করেছেন ৪১ বছর বয়সী এই সুপারস্টার।

ফুটবল থেকে চলচ্চিত্রে যাওয়ার পথটা যে মোটেও সহজ নয়, সেটা ভালোভাবে জানেন ফ্রাংক লেবোফ। ফ্রান্সের সাবেক এই ডিফেন্ডার ফুটবল ছেড়ে সফলভাবে অভিনয়ে পা রেখেছেন, স্টিফেন হকিংয়ের বায়োপিক ‘দ্য থিওরি অব এভরিথিং’-এও কাজ করেছেন। লেবোফ মনে করেন রোনালদো ভালো অভিনেতা হতে পারবেন, তবে এর জন্য একটিই শর্ত। সিএসবির হয়ে শোবিজ চিট শিটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ক্রিস্তিয়ানো রোনালদো একজন দারুণ অভিনেতা হবেন, যদি তিনি একটি কাজ ঠিকঠাক করেন। সেটা হলো অ্যাক্টিং কোর্স করা। শুধু মনে করলেই হবে না যে আমি অভিনেতা। ফুটবলে সেরা হতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, অভিনয়েও সেটাই করতে হবে।”

 

লেবোফ এই পেশাকে যথাযথ সম্মান না দিয়ে মাঠে নামার বিপদও বুঝিয়ে দেন উদাহরণ দিয়ে। তিনি বলেন, “আমি জানি আদিল রামি গত চার মাস ধরে নাটকে অভিনয় করছেন, কিন্তু কোনো কোর্স না করেই। আমি তার অভিনয় দেখতে যাইনি, কারণ আমি জানি কোথায় তার ঘাটতি থাকবে। কণ্ঠের ব্যবহার, মঞ্চে উপস্থিতি, এগুলো শেখার বিষয়। এটা সত্যিকারের একটি পেশা।” রোনালদোর বেলায় লেবোফ একই সতর্কতার কথা মনে করিয়ে দিয়েছেন।

 

ইতোমধ্যে হলিউডে রোনালদোকে নিয়ে জল্পনা বেশ জমে উঠেছে। অ্যাকশন তারকা ভিন ডিজেল সম্প্রতি সামাজিক মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি ‘ফাস্ট ফরএভার’-এ রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছে। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই।

 

তবে রোনালদো শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছেন না। ২০২৫ সালের এপ্রিলে তিনি নিজের স্বাধীন চলচ্চিত্র স্টুডিও ‘ইউআর-মার্ভ’ চালু করেছেন। সঙ্গী হিসেবে পেয়েছেন ‘কিংসম্যান’ খ্যাত ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভনকে। দুজন মিলে ইতোমধ্যে দুটি অ্যাকশন চলচ্চিত্রে অর্থায়ন করেছেন বলে জানা গেছে। এই উদ্যোগ প্রসঙ্গে রোনালদো বলেছেন, “এটা আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায়, ব্যবসায় নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ।” ভন নিজেও উচ্ছ্বসিত, তিনি রোনালদোকে বলেছেন “বাস্তবের একজন সুপারহিরো, যার গল্প কোনো চিত্রনাট্যকার কল্পনাও করতে পারবেন না।”

 

সৌদি আরবের আল-নাসরের হয়ে মাঠে এখনও গোলের ধারা অব্যাহত রেখেছেন রোনালদো। ২০২৬ বিশ্বকাপেও খেলার পরিকল্পনা আছে তার। মাঠের বাইরে ব্যবসা-বাণিজ্যে তার সাম্রাজ্যও কম বড় নয়। এর মধ্যে হলিউডের যোগ হওয়াটা স্পষ্ট করে দিচ্ছে, রোনালদো শুধু ফুটবলের কিংবদন্তি হয়েই থাকতে চান না, পর্দায়ও নিজের ছাপ রেখে যেতে চান।