রেল উপদেষ্টার আশ্বাসে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

অনলাইন ডেস্ক:

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল বুধবার রানিং স্টাফদের মাইলেজ সুবিধার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত আড়াইটা পর্যন্ত সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা।

রেলওয়ে কর্তৃপক্ষ দিনব্যাপী এই বিষয়ে আলোচনার চেষ্টা চালালেও, মঙ্গলবার রাতে রেলপথ উপদেষ্টার বাসভবনে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতারা।

বৈঠক শেষে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সংবাদ মাধ্যমের সামনে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, উপদেষ্টা নিশ্চিত করেছেন যে, মাইলেজ সমস্যা বুধবারের মধ্যেই সমাধান করা হবে এবং পূর্বের সব সুবিধা বহাল থাকবে।

রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “রেলের শ্রমিক নেতারা কিছু দাবি নিয়ে আমার সাথে দেখা করেছেন, এর মধ্যে রানিং স্টাফদের মাইলেজ সুবিধার বিষয়টি ছিল। আমি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি এবং কিছু সুবিধা দেওয়া হয়েছে। তবে তাদের আরও কিছু দাবি রয়েছে, যেগুলো আমি সমাধান করার জন্য চেষ্টা করব।” তিনি আরও বলেন, “রেলের অন্যান্য সুবিধা বহাল থাকবে এবং পূর্বের সুবিধাগুলোর কোনো পরিবর্তন হবে না।”

এদিকে, কর্মবিরতি প্রত্যাহারের ফলে, বুধবার সকাল ৯টার পর থেকে সিডিউল ট্রেনগুলো পুনরায় চলাচল শুরু করবে। বাংলাদেশ রেলওয়ে জানায়, আন্দোলনের কারণে ২৯ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছিল এবং যাত্রীদের টিকিট রিফান্ড করা হবে। এর আগেও ২৮ জানুয়ারি সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছিল।