ঝড়ো বাতাসে নদী উত্তাল, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বৈরী আবহাওয়া, প্রবল ঝোড়ো বাতাস ও পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের প্রভাবে সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে নদী পারাপারের অপেক্ষায় থাকা হাজারো যাত্রী।

 

আজ শনিবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রবল ঝোড়ো বাতাস, বৃষ্টিপাত এবং নদীতে সৃষ্ট উত্তাল ঢেউয়ের কারণে নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধের আগে এ নৌপথে ১৫টি ফেরি চলাচল করছিল। বর্তমানে যাত্রী ও যানবাহনসহ ৬টি ফেরি দৌলতদিয়া প্রান্ত এলাকায় আটকা রয়েছে।”

 

অন্যদিকে একই কারণে শনিবার দুপুর ১টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

 

লঞ্চ চলাচলও বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বলেন, নদীতে উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লঞ্চ চলাচল বন্ধের আগে এ নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছিল।

 

আর হঠাৎ করে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী, পরিবহন শ্রমিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন।