ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হন বাবর। কিন্তু ঢাকা থেকে মদিনা যাওয়ার পথে ফ্লাইটেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বিমানটি দুবাইয়ে অবতরণের পর দ্রুত তাকে বিমানবন্দরের কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চেকআপ শেষে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাবরের বড় ছেলে তার সঙ্গে রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হলে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মদিনায় যাবেন।
এদিকে, বাবরের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা আগেই আলাদা ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। তারা মদিনায় পৌঁছানোর পর বাবরের অসুস্থতার খবর পান।
উল্লেখ্য, এর আগে ১৯ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বাবর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৭ বছর কারাভোগের পর তিনি ১৬ জানুয়ারি মুক্তি পান।











