বিসিবির ছাড়পত্র পেলেন মুস্তাফিজ, পুরো মৌসুম খেলবেন দ্য হান্ড্রেডে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের দ্য হান্ড্রেডে অভিষেকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পুরো টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে। ফলে ইংল্যান্ডের ১০০ বলের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ আসরে শুরু থেকে শেষ পর্যন্ত বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে আর কোনো বাধা থাকছে না। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।

 

বিসিবির ওই কর্মকর্তা বলেন, “হ্যাঁ, আমরা ওকে ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছি।” সেই হিসেবে সোমবার (২১ জুলাই) শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডে পূর্ণ মৌসুম খেলবেন বাংলাদেশের এই তারকা পেসার।

 

এবারের ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মুস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। এর মাধ্যমে দ্য হান্ড্রেডে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।

 

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট অবশ্য মুস্তাফিজের জন্য নতুন নয়। ২০১৬ সালে সাসেক্সের হয়ে টি টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন তিনি। প্রায় এক দশক পর আবারও ইংলিশ কন্ডিশনে সাদা বলের ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

 

বর্তমানে জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে রয়েছেন মুস্তাফিজ। শনিবার (১৯ জুলাই) বুলাওয়েতে টি টোয়েন্টি সিরিজ শেষ করেই তিনি সরাসরি ইংল্যান্ডে যোগ দেবেন।

 

শুধু মুস্তাফিজ নন, আরও দুজন বাংলাদেশি ক্রিকেটারও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেয়েছেন। বিসিবির একই কর্মকর্তা জানিয়েছেন, ব্যাটার পারভেজ হোসেন ইমনকে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে সফর শেষে তিনি লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন।

 

অন্যদিকে, পেসার হাসান মাহমুদ ইংলিশ কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে টি টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে মাত্র দুই ম্যাচে ১২ উইকেট নিয়ে দারুণ আলোচনায় এসেছেন তিনি।