রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশ

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শনিবার বিকেলে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “মাত্রাতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে গেলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি তর্কে লিপ্ত থাকি তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার।”

তারেক রহমান আরও বলেন, “গত ১৫ বছর জনগণের ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। অস্ত্রের বলে ভোট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। আমরা কখনও ডামি নির্বাচন, কখনও ভোটারহীন নির্বাচন দেখেছি। উন্নয়নের নামে লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, কোনো রকম জবাবদিহিতা ছিল না। এর ফলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।”

তিনি নির্বাচন ও বিচার ব্যবস্থার পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “রাষ্ট্রকাঠামোর এ পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, তত দ্রুত আমরা উন্নত হতে পারব।”

বক্তব্যে তারেক রহমান সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বৈরাচারের অভিযোগ তোলেন এবং দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ দেন।