নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দলে যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনা যে জঞ্জাল তৈরি করেছেন, তা সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। জনগণের প্রত্যাশা, তারা যাকে খুশি তাকে নির্বাচিত করবে। ড. ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে যেন জনগণ তাদের অধিকার ফিরে পায়।”
তিনি বলেন, “হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দুষ্টামি এখনো শেষ হয়নি। দিল্লিতে বসে তিনি বলছেন, ‘তোমরা তৈরি হও, আমি টুপ করে চলে আসব’। যেমন করে পদ্মা সেতু থেকে বেগম খালেদা জিয়াকে ফেলে দিতে চেয়েছিল, তেমনভাবেই তিনি ফিরে আসতে চান। কিন্তু মানুষ ভুলবে না, কীভাবে তিনি জাতির ওপর চেপে বসেছিলেন।”
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, “আমরা সবসময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু এখনো যৌথবাহিনীর নির্যাতনে যুবদল নেতার মৃত্যু হচ্ছে। আমরা চাই, যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা দেখতে চায় বিএনপি।”
তিনি আরও বলেন, “কোনো কিছু দখল করা কিংবা নির্যাতন করা—এসব যেন বিএনপির কেউ না করে, সেই আহ্বান জানাই। আমরা আওয়ামী লীগের মতো রাজনীতি করব না।”
নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন যখনই হোক, জনগণ যদি না চায়, বিএনপি ভোট পাবে না। জনগণের পাশে থাকতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। ভোট পাওয়া এত সহজ নয়, মানুষের মন যেকোনো সময় বদলে যেতে পারে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলে আমরা আশা করি।”











