অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ ক্যাপশনের একটি ছবি প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। অনেকেই সেটিকে বাস্তব জীবনের বিয়ের ঘোষণা ভেবেছিলেন। তবে পরে জানা গেছে, সেটি ছিল নতুন একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল।
একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে ছবিয়াল। এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হচ্ছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন জাহিদ প্রীতম।
জানা গেছে, অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা এবং বাস্তব জীবনের নানা দিক উঠে আসবে এতে। পুরো প্রকল্পটি নির্মিত হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে।
ফেসবুকে একই ছবি প্রকাশ করে আরিফিন শুভ ও কেয়া পায়েল লিখেছিলেন, ‘হ্যাপিলি ম্যারিড’। সেই পোস্ট ঘিরেই শুরু হয় নানা জল্পনা। কেউ তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান, আবার কেউ বিষয়টিকে প্রচারণার অংশ বলে ধারণা করেন। পরে নিশ্চিত হওয়া যায়, এটি দর্শকের আগ্রহ তৈরি করার উদ্দেশ্যে নেওয়া একটি প্রচারণা কৌশল।
তবে এই প্রচারণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে ব্যতিক্রমী ও সৃজনশীল প্রচারণা হিসেবে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগ তুলে সমালোচনাও করেছেন।
বর্তমানে ওয়েব ফিল্মটির শুটিং চলছে। চলতি মাসের মধ্যেই শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। যদিও নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির বিস্তারিত ঘোষণা দেয়নি।
প্রসঙ্গত, চরকি ২০২৩ সালে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ঘোষণা দেয়। ভালোবাসাকে কেন্দ্র করে ১২ জন নির্মাতার ১২টি মৌলিক গল্প নিয়ে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় এরই মধ্যে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স, টোয়েন্টি ফোর, থার্টি সিক্স’ মুক্তি পেয়েছে।
এদিকে, আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ‘উনিশ২০’ ওয়েব ফিল্মে। সেই কাজের পর এবার ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে নতুন আলোচনায় এলেন তিনি। আর এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন কেয়া পায়েলের সঙ্গে।











