অনলাইন ডেস্ক:
দর্শকপ্রশংসিত নাটক ‘এটা আমাদের গল্প’ দিয়ে নতুন করে আলোচনায় আসা নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবার নিয়ে আসছেন নতুন নাটক ‘পথহারা মন’। প্রেম, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের সবচেয়ে বড় আকর্ষণ, প্রায় আট বছর পর আবারও রাজের পরিচালনায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু। নির্মাতার ভাষ্য, এমন একটি গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে দর্শক নিজেদের জীবনের নানা অনুভূতি ও অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পাবেন।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “পথহারা মন মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি লেখা।”
জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে বৈশাখী টেলিভিশনের জন্য ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন রাজ। সেই কাজের প্রায় আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন এই নির্মাতা ও অভিনেতা।
দীর্ঘ বিরতির পর জাহিদ হাসানকে পরিচালনা করতে পেরে আনন্দ প্রকাশ করে রাজ বলেন, “দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তাঁর অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।”
নতুন নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাহিদ হাসানও। তিনি বলেন, “রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সব সময়ই ভালো। অনেক দিন পর আবারও তাঁর পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।”
নাটকের গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ১০ জুলাই রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়। মঙ্গলবার দৃশ্যধারণ শেষ হওয়ার কথা রয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই ইউটিউবের ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে ‘পথহারা মন’। সাম্প্রতিক সময়ে রাজের নাটকগুলো যেভাবে দর্শকদের সাড়া পেয়েছে, সেই ধারাবাহিকতায় নতুন এই নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।











