অনলাইন ডেস্ক:
হলিউড তারকা টম ক্রুজকে এবার দেখা যাবে একেবারেই ভিন্ন এক চরিত্রে। ভুঁড়ি, পাতলা সাদা চুল, দক্ষিণী উচ্চারণ আর বিতর্কিত এক বিলিয়নিয়ারের রূপে হাজির হয়েছেন তিনি নতুন সিনেমা ‘ডিগার’-এ। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর নির্মাণে পরিবেশ বিপর্যয়কে ব্যঙ্গাত্মক কমেডির আঙ্গিকে তুলে ধরা এই সিনেমার প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে।
ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামের বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ধনকুবেরের চরিত্রে। তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কারণে ভয়াবহ পরিবেশগত সংকট তৈরি হয়, যা একপর্যায়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও সৃষ্টি করে।
প্রকাশিত ট্রেলারে দেখা যায়, গ্রিনল্যান্ডের একটি হিমবাহ সরে যাওয়ার খবরেও শুরুতে মোটেও উদ্বিগ্ন নন ডিগার। বরং ঘটনাটিকে তুচ্ছ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি। পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে যুক্তরাষ্ট্রের অসুস্থ প্রেসিডেন্ট, যার চরিত্রে অভিনয় করেছেন জন গুডম্যান, সংকট মোকাবিলার দায়িত্ব দেন তার ওপর।
এরপর নিজেকে মানবজাতির ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করার মরিয়া চেষ্টা শুরু করেন ডিগার। ট্রেলারে বাস্তবতার চেয়ে ‘ভালো গল্প’ তৈরির গুরুত্ব নিয়ে তার কয়েকটি সংলাপও বিশেষভাবে নজর কেড়েছে।
সিনেমাটিতে টম ক্রুজের পাশাপাশি অভিনয় করেছেন রিজ আহমেদ, সান্দ্রা হুলার, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড এবং এমা ডি’আর্সি।
দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতু পরিচালনা করেছেন ‘ডিগার’। ‘দ্য রেভেন্যান্ট’ নির্মাণের পর এটিই তার প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। প্রায় এক দশক ধরে এই সিনেমার ধারণা নিয়ে কাজ করেছেন তিনি।
ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টম ক্রুজ বলেন, “এই চরিত্রটি আমাকে এমনভাবে চ্যালেঞ্জ করেছে, যা আগে কখনও হয়নি। আলেহান্দ্রোর সঙ্গেও এমন অভিজ্ঞতা আগে হয়নি।”
তিনি আরও জানান, ইনারিতুর প্রথম চলচ্চিত্র ‘আমোরেস পেরোস’ দেখার পর থেকেই তার কাজের ভক্ত হয়ে ওঠেন। বহু বছর পর ‘ডিগার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তাদের।
ভিডিও বার্তায় ইনারিতু বলেন, ‘দ্য রেভেন্যান্ট’ নির্মাণের পরই তার মাথায় ডিগার চরিত্রের ভাবনা আসে। তবে গল্পটি কীভাবে বলা হবে, সেই উপযুক্ত ভাষা খুঁজে পেতেই প্রায় ১০ বছর সময় লেগেছে। তার ভাষায়, “এটি অদ্ভুত, ঝুঁকিপূর্ণ, কিন্তু একই সঙ্গে হাস্যরসাত্মক। কারণ বড় কমেডির উৎসই হলো ট্র্যাজেডি।”
লেজেন্ডারি পিকচার্স প্রযোজিত ‘ডিগার’ ছয় মাস ধরে যুক্তরাজ্যে ভিস্তাভিশন ফরম্যাটে চিত্রায়িত হয়েছে। সিনেমাটি বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।











