জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে সীমান্তের শ্রীনাথপুর বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে বাংলাদেশে ফিরে আসার পর বিজিবির টহলদল তাকে আটক করে। তার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।
আহত রুবেল মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বিএসএফের রাবার বুলেট তার বুকের বাম পাশে লাগে বলে জানা গেছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রুবেলসহ কয়েকজন শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তারা ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্প এলাকার দিকে গেলে বিএসএফের টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ হওয়ার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। পরে বিজিবির টহলদল তাকে আটক করে। তার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
আহত রুবেলকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ঝিনাইদহ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক হাসপাতালে এসেছেন। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিএসএফের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, “একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে। সীমান্তে ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।











