শিল্প কোনো পাপ নয়, এটি পরিচয় ও সংস্কৃতি: প্রভা

অনলাইন ডেস্ক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় পার করেছেন। অভিনয় ও শোবিজ অঙ্গন থেকেই তিনি পেয়েছেন পরিচিতি, সম্মান, জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসা। তাই জীবনের কোনো এক পর্যায়ে এই অঙ্গন থেকে সরে গিয়ে অভিনয়ে আসাটাকেই ভুল সিদ্ধান্ত হিসেবে দেখার প্রবণতার সঙ্গে একমত নন তিনি।

 

সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করে প্রভা বলেন, একটি পরিচয় যখন কাউকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা দেয়, তখন সেই পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত। তার এই কথাগুলো অনেকের কাছে কঠিন বা অস্বস্তিকর মনে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

 

প্রভা মনে করেন, অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কারও সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়। তার মতে, যারা শিল্প ও সংস্কৃতির অঙ্গনে আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ, সংস্কৃতিবোধ এবং সর্বোপরি নিজের পরিচয়ের প্রতি সম্মান থাকা প্রয়োজন।

 

শিল্পকে কোনোভাবেই পাপ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। প্রভার ভাষায়, শিল্প মানুষের পরিচয় ও সংস্কৃতির অংশ। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনো সভ্য সমাজের শিক্ষা হতে পারে না।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধূপ ছায়া’, ‘লাকি থার্টিন’ ও ‘খুনসুটি’।