অনলাইন ডেস্ক:
সিনেমার শুটিং করতে গিয়ে হিপে চোট পাওয়ার পর চিকিৎসকের পরামর্শে সাময়িকভাবে অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। তবে বিশ্রামের সেই সময় শেষ করে এবার আবারও কাজে ফেরার সুখবর দিয়েছেন তিনি।
চোটের কারণে শুটিং থেকে দূরে থাকা দিনগুলো পরিবারের সঙ্গেই কাটিয়েছেন রাশমিকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই সময়ের নানা স্মৃতিময় ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলাধুলা, ধাঁধা মেলানো এবং বাগানের সৌন্দর্য উপভোগের নানা মুহূর্ত উঠে এসেছে।
এসব ছবি ও ভিডিও নিয়ে একটি কোলাজ প্রকাশ করে রাশমিকা জানান, তিনি খুব শিগগিরই আবার কাজে ফিরছেন। তবে পরিবারের সঙ্গে কাটানো এই শান্ত ও আনন্দের দিনগুলোকে ভীষণভাবে মিস করবেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
চোটে পড়ার আগে একের পর এক সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। তার হাতে থাকা আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত আবেগঘন এই অ্যাকশন থ্রিলারে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে দেখা যাবে তাকে।
সিনেমাটিতে রাশমিকার চরিত্রটি তার আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা। নতুন ধরনের এই চরিত্রে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
এদিকে বিজয়ের বিপরীতে ‘রণবালী’ সিনেমাতেও অভিনয় করেছেন রাশমিকা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতের ইতিহাসের কিছু অজানা অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
চোট কাটিয়ে কাজে ফেরার প্রস্তুতির পাশাপাশি সামনে একাধিক গুরুত্বপূর্ণ সিনেমার কাজ থাকায় আবারও ব্যস্ত সময়ের অপেক্ষায় রয়েছেন রাশমিকা মান্দানা।











