অনলাইন ডেস্ক:
বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্যখাত নিয়ে তাদের সংস্কার প্রস্তাব তুলে ধরে এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান ব্যবস্থার আলোকে এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হবে।
ড. মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনায় যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বা এমন একটি সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের প্রতিটি নাগরিক সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পাবে। তিনি আরও বলেন, এই প্রক্রিয়ার আওতায় দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। একই সাথে, জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ জিডিপির ৫ শতাংশের কম হবে না।
এছাড়া, স্বল্পমেয়াদি (১-৩ বছর), মধ্যমেয়াদি (১-৫ বছর) ও দীর্ঘমেয়াদি (৫ বছরের বেশি) পরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা করেন তিনি। স্বল্পমেয়াদি পরিকল্পনায় ইউনিয়ন সাব-সেন্টার উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়ন, এবং প্রত্যেক নাগরিককে জেনারেল ফিজিশিয়ানের অধীনে সেবা প্রদানের কথা বলা হয়েছে।
মধ্যমেয়াদি পরিকল্পনায় স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণের কথাও তুলে ধরেন বিএনপির এই সিনিয়র নেতা।
ড. মোশাররফ হোসেন বলেন, “স্বাস্থ্যখাতে প্রস্তাবিত সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা পর্যালোচনা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।” তিনি বলেন, বিএনপি একটি জনকল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।











