রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গুলি, মোবাইল ফোন ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

 

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ২০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৬৮, ওয়ারী বিভাগে ৬৫, গুলশান বিভাগে ৫৫, উত্তরা বিভাগে ৪৯, লালবাগ বিভাগে ৪২ এবং রমনা বিভাগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে ১২ জনকে।

 

অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন।

 

এ ছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ আরও ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলের অ্যালকোহল, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি এবং নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করেছে।

 

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।