অনলাইন ডেস্ক:
রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের একটি বাসা থেকে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলা (৪০)-এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় শিলার বাসায় তার লাশ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকা- মনে হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিলা দীর্ঘ সময় ধরে কাউখালী উপজেলায় বসবাস করতেন। চট্টগ্রাম হাটহাজারী তার বাবার বাড়ি হলেও তৃতীয় লিঙ্গের সদস্য হিসেবে সেখান থেকে দূরে ছিলেন। শিলা এলাকায় তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলেন এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে জীবিকা নির্বাহ করতেন। তবে কয়েক বছর আগে তিনি সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটিয়েছিলেন এবং এরপর বিভিন্ন স্টেজ শো করতেন।
শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর স্থানীয় এক মাদকাসক্ত ছেলেকে বিয়ে করেন, কিন্তু বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। তার পর থেকে মাঝে মাঝে সেই স্বামী তার বাসায় আসতেন। রোববার রাতে, স্থানীয়রা কিছু অপরিচিত লোককে শিলার বাসায় ঢুকতে দেখে। কিন্তু তারা কখন বের হয়েছে, কেউ তা দেখতে পায়নি।
পরবর্তী দিন সোমবার বিকালে, শিলার এক সহকর্মী হিজড়া তার কোনো সাড়া শব্দ না পেয়ে খবর দেয়। পরে স্থানীয়রা দরজা খুলে বিছানায় শিলার গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, “এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। তবে ধারণা করা হচ্ছে, রবিবার রাতে শিলার বাসায় মাদকাসক্তদের আড্ডা ছিল।” পুলিশের তদন্ত চলমান, এবং আইনি প্রক্রিয়া শেষে শিলার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।











