অনলাইন ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাস্টমস কর্তৃপক্ষ বিপুল পরিমাণ নিষিদ্ধ মালামাল জব্দ করেছে। গত সোমবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ২ হাজার কার্টন সিগারেট, ১৫০০টি ভেপ, ১০০ কেজি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম, ১০২টি মোবাইল ফোন এবং ২০০ কেজি কসমেটিকস জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কাস্টমস সূত্রে জানা যায়, এসব মালামাল প্রায় ১০০ যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যারা মধ্যপ্রাচ্য, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আসা বিভিন্ন ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছেছিলেন।
জব্দ করা মালামালের শুল্ক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানানো হয়েছে। এসব মালামাল আমদানি নিষিদ্ধ হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।











