নিজস্ব প্রতিবেদক:
৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা থেকে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান। রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এ সামরিক সম্মেলনে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
অস্ট্রেলিয়া সফরের সময় সেনাপ্রধান মেলবোর্নে অবস্থিত Deakin University-ও পরিদর্শন করবেন।
সফরের পরবর্তী পর্যায়ে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগ দেবেন তিনি।
সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
সেনাপ্রধানের এই ৯ দিনের সরকারি সফরের মাধ্যমে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনগুলোতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।











