খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত ও মোবাইল ছিনতাই

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি:

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে স্থানীয় একটি মসজিদের কাছে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বাড়ি এলাকার বাসিন্দা লুৎফর শেখের ছেলে এবং তাঁর বাম ঊরুতে গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা নিশ্চিত করে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো লোকমান হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে ।তিনি আরও জানান, কী কারণে এই হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে পুলিশ কমিশনার মো সাজ্জাদুর রহমান জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।