অনলাইন ডেস্ক:
গত শুক্রবার নারায়ণগঞ্জের ইসদাইরে জামায়াতে ইসলামীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জের দীর্ঘদিন ধরে অবহেলার অভিযোগ তুলে প্রশ্ন করেছেন, কেন ৪০ লাখ মানুষের এই জেলা ১৫ বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন, নারায়ণগঞ্জের মহানগরী এবং পুরো জেলা ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক হলেও এখানে কোনো মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তার মতে, তিন উপজেলার অন্য জেলা যেখানে এসব প্রতিষ্ঠান রয়েছে, সেখানে নারায়ণগঞ্জ কেন পিছিয়ে থাকবে?
ডা. শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের কিছু “গডফাদার” এবং জমিদাররা জনগণের স্বার্থে কাজ করেননি। তারা মানুষের উপকারে না এসে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারি চালিয়েছেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের এই বৈষম্য শুধু এখানকার নয়, পুরো দেশেই বিদ্যমান।
তিনি দাবি করেন, সমাজে ধনী-গরিবের মধ্যে বৈষম্য দূর করতে হবে এবং সরকারকেও দায়িত্ব নিতে হবে যাতে দেশের প্রতিটি শিশু শোষণমুক্ত পরিবেশে বেড়ে ওঠে। জামায়াতের এই নেতা শেখ হাসিনার সরকারকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য দায়ী করেছেন এবং বিচার বিভাগের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, যখন বিচারকরা রাজনৈতিক পক্ষ নেন, তখন ন্যায়বিচার সম্ভব নয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সাড়ে ১৫ বছরে দেশের বাইরে ২৬ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে এবং এই টাকার মাধ্যমে সুষম উন্নয়ন সম্ভব। তার মতে, এই টাকা ফেরত আসতে হবে এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
তিনি শেষমেশ বলেন, সরকারের কাছে তাদের দাবী, এই চুরিকৃত টাকা ফেরত এনে জনগণের স্বার্থে সুষম উন্নয়ন করা হোক।











