অনলাইন ডেস্ক:
ফ্যাসিবাদ সমূলে নির্মূল করতে হলে বিদ্যমান দমনমূলক ও কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, দলকেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে শ্রম-কর্ম-পেশাভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র জোড়াতালি দিয়ে বা বিদ্যমান ব্যবস্থা অক্ষত রেখে রাষ্ট্রক্ষমতার মৌলিক রূপান্তর সম্ভব নয়।
শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ স ম আবদুর রব আরও বলেন, রাষ্ট্রক্ষমতায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উৎপাদন ও সম্পদ বণ্টনের নীতিমালা নির্ধারণ করতে হবে। এ ধরনের কাঠামোগত পরিবর্তন দেশের রাজনৈতিক সংস্কৃতি, শিল্প-সাহিত্যসহ সব ক্ষেত্রে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করবে। এটি একদিকে যেমন অভ্যন্তরীণ ও বৈদেশিক ষড়যন্ত্র প্রতিহত করবে, অন্যদিকে কার্যকর জাতীয় ঐক্য গঠনে সহায়তা করবে।
তিনি আরও বলেন, জনগণের প্রকৃত অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়। তাই রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন সময়ের দাবি।
উত্তরার বাসভবনে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, মো. সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।











