‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি ২৯ বছর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অনলাইন ডেস্ক :

বাংলা সিনেমার ইতিহাসে একটি অমর সংলাপ আবারও আলোচনায় এসেছে। ‘প্রেমের সমাধি’ সিনেমার সেই বিখ্যাত সংলাপ— “চাচা, হেনা কোথায়?”— সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে এখন চলছে নানা আলোচনা। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বাপ্পারাজ ও শাবনাজ।

সিনেমার এক দৃশ্যে, নায়ক বকুল (বাপ্পারাজ) বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়িঘর সাজানো দেখতে পান এবং তিনি হেনার বাবাকে (অভিনেতা আনোয়ার হোসেন) প্রশ্ন করেন, “চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?” উত্তরে চাচা বলেন, “হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।” বকুল আবেগাপ্লুত হয়ে বলেন, “না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।” এরপর সিনেমায় শুরু হয় গান— “প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়।”

দীর্ঘ বছর পর, এই সংলাপটি সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ এবং ইউটিউব চ্যানেলে সংলাপটির নানা ব্যাখ্যা, মিমস এবং ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার হচ্ছে। তবে, কেন এই সংলাপটি এতদিন পর ভাইরাল হলো, তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়।

এই সংলাপটির রচয়িতা হলেন খ্যাতিমান চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনিই সিনেমা ‘প্রেমের সমাধি’ এর কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছিলেন। তিনি বলেন, “এই সংলাপটি আমি লিখেছিলাম গল্পের সিক্যুয়েন্স অনুযায়ী। তখন এত খুশি লাগেনি, কিন্তু এখন খুব খুশি লাগছে যে, এমন একটি ছোট্ট সংলাপ ফেসবুকে ভাইরাল হয়েছে। আমাকে অনেকেই ফোন করে বলছে। এই সংলাপের জন্য যারা ভাইরাল করেছেন, তাদের আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “মানুষের প্রশংসা শুনতে সবাই চায়, যখন কেউ বদনাম করে তখন খুশি লাগেনা, কিন্তু সুনাম পেলে ভালো লাগে। তাই এই সংলাপের জন্য মানুষের ভালোবাসা পেয়ে আমি খুব আনন্দিত।”

দেলোয়ার জাহান ঝন্টু, যার ক্যারিয়ারে ৭৩টি চলচ্চিত্র পরিচালনা এবং তিন শতাধিক চিত্রনাট্য লেখা রয়েছে, কখনো ভাবেননি যে ২৯ বছর পর ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি সংলাপ এইভাবে ভাইরাল হবে। এটি প্রমাণ করে যে বাংলা সিনেমার সংলাপ এখনো মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম।