মিয়ানমারে জান্তা সরকারের বিমান হামলা: শিশুসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক:

মিয়ানমারে জান্তা সরকারের নির্বিচারে চালানো বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এই নৃশংস হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন। দেশটির রাখাইন ও কারেন্নি রাজ্যের চার শহরের আবাসিক এলাকা, মাতৃসদন এবং স্কুল লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। গত সোমবার (২ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত রবিবার রাখাইন রাজ্যের কিয়াকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও এবং কিয়াকফিউ শহরের জনবসতিপূর্ণ এলাকা ও একটি মাতৃসদন হাসপাতালে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে ওই অঞ্চলে ১২ জন মানুষ প্রাণ হারান।

অন্যদিকে, এর আগের দিন অর্থাৎ শনিবার কারেন্নি রাজ্যের পূর্ব লোইকাও শহরের একটি স্কুলে বিমান হামলা চালানো হয়। ছুটির দিনে পুষ্টি কর্মসূচির জন্য জড়ো হওয়া কোমলমতি শিশুদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে ৩টি শিশু নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ তীব্র রূপ ধারণ করেছে।

বর্তমানে জান্তা সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো অত্যন্ত তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গ্রুপের ধারাবাহিক নির্যাতনের শিকার হয়ে আসছে, যার ফলে লাখ লাখ রোহিঙ্গা তাদের নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।