কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সদরের খরুলিয়ায় প্রকাশ্যে মাইক্রোবাসের গতি রোধ করে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন আরোহী এই হামলা চালায়।

গুরুতর আহত ও গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

চিকিৎসাধীন থাকা অবস্থায় মাহমুদুল হক গণমাধ্যমকে জানান, বাসা থেকে নিজের মাইক্রোবাস নিয়ে তিনি রামুর দিকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির পথ আটকে দাঁড়ায়। এরপর তাকে লক্ষ্য করে একে একে তিনটি গুলি চালানো হয়। একপর্যায়ে তার মাথায় গুলি করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত অস্ত্র থেকে গুলি বের হয়নি। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে কোনোমতে পালিয়ে যান।

হামলাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে এই ব্যবসায়ী বলেন, হামলাকারীদের মধ্যে লিংকরোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে তিনি স্পষ্ট চিনতে পেরেছেন।

ঘটনার পর আইনগত পদক্ষেপের বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আমাদের পুলিশ টিম ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে। আমরা একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।