রূপগঞ্জে মাদক কারবারিদের নৃশংসতা, এপিবিএন সদস্যের হাত-পা ভেঙে পায়ের রগ কাটল

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী পুলিশ সদস্য আবুল কালাম দীর্ঘদিন ধরেই মাসাবো এলাকায় মাদকের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে আসছেন। কিছুদিন আগে তিনি শাহাদাত ও এমদাদুল নামের দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেন। এই আক্রোশে মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কিছুদিন ধরেই আবুল কালামকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর জের ধরেই গত বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে ডেকে একটি নির্জন বিলে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত মিলে আবুল কালামের ওপর নির্মম নির্যাতন চালায় এবং একপর্যায়ে তার হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেয়।

পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।