মালয়ালম চলচ্চিত্র শিল্পে শাটডাউনের হুমকি, প্রযোজকদের ঘোষণা

অনলাইন ডেস্ক:

২০২৪ সালে মালয়ালম চলচ্চিত্র শিল্প বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছিল, যার মধ্যে ‘মাঞ্জুমাল বয়েজ’, ‘দ্য গোট লাইফ’, ‘প্রেমালু’ এবং ‘মার্কো’ বিশেষভাবে উল্লেখযোগ্য। বক্স অফিসে এই সিনেমাগুলোর ব্যবসা ভালো হলেও, শিল্পটি বর্তমানে গুরুতর আর্থিক সংকটে পড়েছে এবং এর ফলে শাটডাউনের হুমকির মুখে রয়েছে মালয়ালম সিনেমা।

প্রযোজক সমিতি, প্রদর্শক, পরিবেশক এবং কেরালার ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশনের (এফইএফকে) সঙ্গে আলোচনার পর প্রযোজক জি সুরেশ কুমার ঘোষণা করেন, “১ জুন থেকে সমস্ত সিনেমার শুটিং ও প্রদর্শনী বন্ধ রাখা হবে।” তিনি বলেন, ২০২৪ সালে মুক্তি পাওয়া ২০০ সিনেমার মধ্যে মাত্র ২৪টি বাণিজ্যিকভাবে সফল হয়েছে, বাকি সিনেমাগুলোর কারণে প্রযোজকদের ৬০০ থেকে ৭০০ কোটি রুপি ক্ষতি হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মগুলো সফল সিনেমাগুলোর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে, তবে তারা নতুন বা কম বাজেটের সিনেমার প্রতি আগ্রহী নয়, যা এই শিল্পের ওপর আর্থিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, মালয়ালম চলচ্চিত্র শিল্পের সংকটের মূল কারণ হিসেবে বেড়ে যাওয়া উৎপাদন খরচ এবং অভিনয়শিল্পীদের অতিরিক্ত পারিশ্রমিককে দায়ী করা হচ্ছে। তাছাড়া, সরকারের আরোপিত বিনোদন কর এবং জিএসটি-র মতো করের বোঝা শিল্পের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

জি সুরেশ কুমার আরও জানান, “গত কয়েক বছরে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়েছে এবং সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিল্পীদের পারিশ্রমিক। সরকারের কোনো সহায়তা না পাওয়া এবং ‘ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স’ স্কিমের ফলে ট্যাক্সের বোঝা বাড়ায় মালয়ালম চলচ্চিত্র শিল্প সমস্যার মুখে পড়েছে।”

তিনি বলেন, “আমরা এত চাপ বহন করতে পারছি না। সমস্যা সমাধান না হলে, ১ জুন শুটিং ও প্রদর্শনী বন্ধের আগে তিরুভানন্তপুরামে সচিবালয়ের সামনে একটি প্রতীকী ধর্মঘটও অনুষ্ঠিত হবে।”