অনলাইন ডেস্ক:
থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হওয়া আরও ৬ জনকে পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
এই ৬ জনের মধ্যে রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল। গতকাল সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তাদের ব্যাংকক পাঠানো হয়।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মোস্তাফিজুর রহমান।
এদিকে, গত রোববার আন্দোলনে গুলিবিদ্ধ শ্রী দীপঙ্কর বালাকে ব্যাংককের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত ৩৮ জন আহত আন্দোলনকারীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে সরকার পক্ষ থেকে।











